মুম্বই, ৪ সেপ্টেম্বর (হি.স.) : অভিজ্ঞ ভারতীয় লেগ-স্পিনার অমিত মিশ্র বৃহস্পতিবার সকল ধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। যার ফলে ১৫ বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ কেরিয়ারের ইতি ঘটল। সব শেষ ২০১৭ সালে ভারতের হয়ে খেলেছিলেন অমিত। ৪২ বছর বয়সী হরিয়ানার এই ক্রিকেটার ২০২৪ সালের সংস্করণ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিলেন।
“আজ, ২৫ বছর পর, আমি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি — এমন একটি খেলা যা আমার প্রথম প্রেম, আমার শিক্ষক এবং আমার আনন্দের সবচেয়ে বড় উৎস,” মিশ্র সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন। মিশ্র ২২ টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি-২০ তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। তিনি প্রথম-শ্রেণীর কেরিয়ারে ৫৩৫টি উইকেট শিকার করেছেন, যেখানে লিস্ট এ এবং টি-২০ ক্রিকেটে তিনি যথাক্রমে ২৫২ এবং ২৮৫ উইকেট সংগ্রহ করেছেন।
শুধুমাত্র আইপিএলেই, তিনি সানরাইজার্স হায়দরাবাদ, ডেকান চার্জার্স, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস সহ চারটি দলের প্রতিনিধিত্ব করে ২৩.৯৮ গড়ে এবং ৭.৩৬ ইকোনমি রেটে ১৬৬ উইকেট শিকার করেছেন। আইপিএলে তিনিই একমাত্র বোলার যিনি তিনটি হ্যাটট্রিক করেছেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
