ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর (হি.স.) : মা-বাবাকে গুলি করে আত্মহত্য়ার চেষ্টা করলেন জঙ্গলমহল ব্যাটালিয়নের এক পুলিশকর্মী (সাব-ইনস্পেক্টর)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাব-ইনস্পেক্টরের নাম জয়দীপ চ্যাটার্জি (৩২)। ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। তাদের আদি বাড়ি আসানসোলের বামুনপাড়া এলাকায়। বৃহস্পতিবার ভোরে ডিউটি থেকে বাড়ি ফিরে নিজের সার্ভিস রিভলভার দিয়ে মা শম্পা চ্যাটার্জি ও বাবা দেবব্রত চ্যাটার্জিকে গুলি করে তিনি নিজেও আত্মঘাতীর চেষ্টা করেন।
গুলির শব্দে ছুটে আসেন বাড়ির মালিক। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাব-ইনস্পেক্টর ও তাঁর বাবা-মাকে। প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সবাইকে হাসপাতালে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এই পদক্ষেপ নিয়েছেন জয়দীপ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো
