প্রায় ১,৭০০টি পরিবারের কবজামুক্ত ৫,৯৬২ বিঘা সরকারি জমিতে গড়বে উন্নয়নমূলক প্ৰকল্প
কামপুর (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব সার্কলের অধীন লুটুমারি ফরেস্ট রিজার্ভে পরিচালিত উচ্ছেদ অভিযানের আজ (রবিবার) দ্বিতীয়দিন। আজ সকাল থেকে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত বাড়িগুলিতে বুলডজার চালিয়েছে প্রশাসন।
প্ৰশাসনিক আধিকারিকের কাছে জানা গেছে, গতকাল শনিবার কান্দাপুর, চামখলা এবং লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজও অভিযান চালিয়ে সরকারি ভূমি থেকে বেদখলকারীদের উচ্ছেদ করা হচ্ছে।
আধিকারিকটি জানান, প্রায় ১,৭০০টি পরিবার বহু বছর ধরে রিজার্ভের ৫,৯৬২ বিঘা সরকারি জমি দখল করে রেখেছিল। তারা পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চলের মধ্যে বসতি স্থাপন করে। গতকাল (শনিবার) প্ৰথম দিনের অভিযানে প্রায় ১,২০০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। বাকিদের আজ দ্বিতীয় দিন উচ্ছেদ করা হচ্ছে।
তিনি জানান, বন বিভাগ এবং স্থানীয় প্রশাসন একাধিক নোটিশ জারি করা সত্ত্বেও কতিপয় দখলদার ভূমি না ছাড়ায় উচ্ছেদ অভিযান পরিচালিত করতে হচ্ছে। তবে নোটিশ পেয়ে বিপুল সংখ্যক বাসিন্দা স্বেচ্ছায় এলাকা খালি করে অন্যত্ৰ চলে গেছেন। অবশিষ্ট বাড়িঘর ভাঙতে আজ আবার বুলডোজার ব্যবহার করা হয়েছে।
প্রশাসনিক কর্তা জানান, শান্তি বজায় রাখতে এবং সুচাররূপে অভিযান নিশ্চিত করতে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল এবং আজকের উচ্ছেদ অভিযান এখন পর্যন্ত শান্তিপূৰ্ণভাবে চলছে। স্থানীয়রা কোনও ধরনের প্ৰতিবাদ করেননি।
তিনি জানান, অবৈধ দখলদারদের কবজা থেকে মুক্তকৃত ভূমিকে বিভিন্ন উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্ৰকল্পের জন্য ব্যবহার করা হবে।
এদিকে দখলকৃত এলাকায় গড়ে তোলা একটি মসজিদেও বুলডজার চলেছে আজ। তবে মসজিদটি ভাঙার আগে শেষ বারের মতো তাতে নামাজ আদায় করেছেন বেশ কয়েকজন বেদখলকারী বাসিন্দা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
