রাণাঘাট, ৩ সেপ্টেম্বর (হি.স.): জন্মদিবসে স্মরণে মহানায়ক উত্তম কুমার। রাণাঘাটে তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তি বসিয়ে স্বপ্নপূরণ করলেন উদ্যোক্তারা। উত্তম পুরুষ – উত্তম কুমার যে অভিনয়ে ছিলেন বৈচিত্রময় তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সিনেমার সর্বশ্রেষ্ঠ ম্যাটিনি আইডল। বুধবার তাঁর জন্মবার্ষিকী।
নদিয়ার রাণাঘাট বৈশাখী কালচারাল ইউনিট মহানায়কের পূর্ণবয়ব মূর্তি স্থাপন করেছে। উল্লেখ্য, এই বছর রাণাঘাট বৈশাখীর সুবর্ণ জয়ন্তী বর্ষ। এর অঙ্গ হিসেবেই মহানায়কের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, উত্তম কুমারের সমসাময়িক ও সহ শিল্পী তথা অভিনেত্রী শকুন্তলা বড়ুয়া, রাণাঘাট পৌরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে আবৃত্তি ছাড়াও সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে সুব্রত গাঙ্গুলি জানান, এই শহরে একে একে – সত্যজিৎ রায়, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম প্রমুখের মূর্তি স্থাপন করেছেন তারা। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরভর নানা রকমের অনুষ্ঠান পরিবেশিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
