অশোক সেনগুপ্ত
কলকাতা, ২৭ সেপ্টেম্বর, (হি.স.): “বাংলাদেশে বাড়ি ঘর জমি জমা ফেলে ইউনুসবাহিনীর ভয়ে নির্যাতিত যে হিন্দুরা গত এক বছরে ভারতে চলে এসেছে, তাদের মধ্যে কয়েকজনকে দেখলাম দুর্গা পূজার জন্য অসুরের মূর্তি গড়েছে, অসুরের মুখে বসিয়েছে ইউনুসের মুখ।” শনিবার সামাজিক মাধ্যমে এই মন্তব্য করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
তসলিমা লিখেছেন, “জাতিসংঘে ইউনুস সাহেব গাজার মুসলিমদের জন্য কেঁদেছেন, এবং রোহিঙ্গা মুসলিমদের জন্য ভিক্ষে চেয়েছেন। বাংলাদেশের অধিকাংশ মুসলিম যে তাঁকে যে বিদেয় নিতে বলছে, তাঁকে যে মব সন্ত্রাসের জন্য আর অরাজকতার জন্য দায়ি করছে, সে সম্পর্কে কিছু বলেননি। জাতিসংঘের সামনেই যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ মুসলিমরাও ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে, ইউনুসকে খুনী বলছে, এ ব্যাপারেও তিনি নীরব ছিলেন।
সরকারি অর্থ শাহেনশাহ’র মতো ব্যয় করছেন ইউনুস। কিছু নারীবিদ্বেষী আর হিন্দুবৌদ্ধখ্রিস্টানইহুদিবিদ্বেষী জামায়াতি কুলাঙ্গার নিয়ে জাতিসঙ্ঘে ঢুকেছেন। একটা চুল খোলা তরুণীকেও নিয়ে গেছেন ব্যালেন্স করার জন্য। তাঁর তো উচিত ছিল জিহাদি পুরুষগুলোর সঙ্গে কোনও নারীকে না নেওয়া, অথবা নিলেও একটা বোরখাওয়ালী বা হিজাবি নেওয়া।”
এই পোস্ট প্রকাশ্যে আসার ঘন্টা পাঁচের মধ্যে, শনিবার সন্ধ্যায় ‘লাইক’, বা সমর্থনসূচক সংখ্যা হয়েছে প্রায় দু’হাজার।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
