তেল আভিভ, ৩১ অক্টোবর (হি.স.) : হামাসের ডেরা থেকে এক মহিলা সেনাকর্মীকে উদ্ধার করল ইজরায়েলের সেনা। হামাসের ডেরা থেকে দেধের এক মহিলা সেনাকর্মীকে উদ্ধারের বিষয়টি এক্স মাধ্যমে জানিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রকে । মুলত শনিবার রাত থেকে গাজার ভূখণ্ডে অভিযান চালাচ্ছে ইজরায়েলের সেনা।সেনার অভিযানেই উদ্ধার করা সম্ভব হয় গত ৭ অক্টোবর থেকে হামাসের হাতে পণবন্দি হওয়া ওই মহিলা সেনাকর্মীকে । তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, অন্তত ২৪০ জনকে পণবন্দি করে রেখেছে হামাস জঙ্গিরা, এমনটাই জানা গিয়েছে।
সোমবার এক্স প্ল্যাটফর্মে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, “হামাসের হাতে আটকে ছিলেন ইজরায়েলি সেনাকর্মী অরি মেগিদিশ। গত ৭ অক্টোবর তাঁকে তুলে নিয়ে যায় হামাস। আজ ইজরায়েলি সেনার অভিযান চলাকালীন তাঁকে মুক্ত করা হয়। এখন বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরে গিয়েছেন অরি।”
এদিনই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, সেনার অভিযান চলাকালীনই হামাসের হাত থেকে পণবন্দিদের উদ্ধার করে আনা যেতে পারে। পণবন্দিদের ছাড়ানোই ইজরায়েলের একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি। চাপ না দিলে হামাস পণবন্দিদের ছাড়বে না, আর ইজরায়েলের অভিযানে হামাসের উপর চাপ বাড়বে। ফলে পণবন্দিদের উদ্ধার করার সুযোগ আরও বেশি থাকবে ইজরায়েলের সেনার কাছে। হিন্দুস্থান সমাচার / কাকলি
