দুর্গাপুর, ৩১ অক্টোবর (হি.স.) : পুরোনো আদার দাম এখনও গগনচুম্বী। কাঁচালঙ্কার দাম কিছুটা কমলেও এবার বাজারে ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। গত একসপ্তাহে পেঁয়াজের দাম উর্দ্ধমুখী। দীপাবলির আগে হাফ সেঞ্চুরী টপকে এবার সেঞ্চুরীর পথে পেঁয়াজ। আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত গৃহিনীদের।
প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচনের আগে আদা, টমেটো, কাঁচালঙ্কার দামে কার্যত নাভিশ্বাস দশা হয়ে পড়েছিল আম জনতার। মাস দুয়েক পর টমেটো, কাঁচালঙ্কার দাম তুলনামুলকভাবে কিছুটা কমলেও, বাজারে ঝাঁজ বাড়ছে পেঁয়াজের। অন্ডাল, দুর্গাপুর সেন মার্কেট, বেনাচিতি, পানাগড়, বুদবুদের বাজারে খুচরো পেঁয়াজ বিকোচ্ছো ৬০-৬৫ টাকা কেজি দরে। সপ্তাহখানেক আগে ওই পেঁয়াজের দাম ছিল ৩০-৩৫ টাকা কেজি। আচমকা একসপ্তাহে একলাফে কেজি দ্বিগুণ দাম বেড়ে যাওয়ায়, কাঁচালঙ্কার মূল্যবৃদ্ধির ছায়া দেখছে সাধারন মানুষ। অক্টোবরের শেষে যদি ৬৫ র কোঠায় পেঁয়াজের দাম হয়, তাহলে হয়তো দীপাবলির আগে সেঞ্চুরি টপকে যাবে। মূল্যবৃদ্ধির বাজারে দাম আদৌ কমবে কি না, সে নিয়ে সন্দিহান রয়েছে মধ্যবিত্ত পরিবারগুলি। মাত্র কয়েকমাস আগেই টম্যাটোর দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছিল। সাধারণ মানুষের রান্নাঘরের খরচ বৃদ্ধি তো বটেই, টম্যাটোর সেই দাম বৃদ্ধি প্রভাবিত করেছিল দেশের মুদ্রাস্ফীতিকেও। আলু এবং টম্যাটোর মতো পেঁয়াজও এমন একটা জিনিস যা প্রতিদিন রান্নাঘরে ব্যবহৃত হয়। পেঁয়াজের দাম বেশি হওয়ায় রান্নাঘরের বাজেটেও সমস্যা তৈরী হয়েছে।
বাজারে পেঁয়াজের দাম এখন নাগালের বাইরে। নিত্যদিন ক্রমবর্ধমান। আশঙ্কা করা হচ্ছে নভেম্বরে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পেতে পারে। গত আগষ্টের শেষের দিকে টমেটোর দাম বৃদ্ধি ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিয়েছিল মোদী সরকার। কম দামে পেঁয়াজ বিক্রি করবে ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমার্স লিবারেশন অফ ইন্ডিয়া। এর আগে আমজনতাকে স্বস্তি দিতে কম দামে টমেটো বিক্রি সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পেঁয়াজের মজুত ৩ লক্ষ মেট্রিক টন থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ মেট্রিক টন করা হবে। নতুন ফসল আসার আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে কেজি প্রতি পঁচিশ টাকায় পেঁয়াজ বিক্রি সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। কিন্তু সেসব এখন অতীত। সরকারি সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাজারে ছক্কা মারছে পেঁয়াজ। প্রশ্ন উঠেছে ফঁড়ে রাজ নিয়ে। বাজারে ”ম্যান মেড” সঙ্কট তৈরী করার দরুন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।
অভিযোগ উঠেছে রাজ্য সরকারের উদাসীনতায়। কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার বলেন, পেঁয়াজ মজুত হচ্ছে। বাজারে কৃত্রিম সঙ্কট তৈরী করা হচ্ছে। তার ফলে দাম বৃদ্ধি। নজরদারি নেই। রাজ্য ও কেন্দ্র সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে সম্পুর্ন ব্যার্থ।
পশ্চিম বর্ধমান কৃষি বিপনন আধিকারিক দিলীপ মন্ডল জানান, পেঁয়াজের দামের নিয়মিত রিপোর্ট পাঠানো হচ্ছে। সুফল বাংলা স্টলে ভর্তুকিতে পেঁয়াজ বিক্রির যদি নির্দেশিকা আসে সেরকম ব্যাবস্থা করা হবে। হিন্দুস্থান সমাচার/ জয়দেব
