ব্যাঙ্কক, ২৮ জুলাই (হি.স.): বন্দুকবাজের হামলা থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে। সোমবার সকালে ব্যাঙ্ককের একটি খাবারের বাজারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। পুলিশ জানিয়েছে, পরে নিজে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে ওই হামলাকারী। তার গুলিতে এক মহিলা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নিহত ৪ জন ওই বাজারের নিরাপত্তারক্ষী ছিলেন। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়।
ব্যাঙ্কক পুলিশের তরফে জানানো হয়েছে, কম্বোডিয়ার সঙ্গে চলতি সীমান্ত সংঘর্ষের জেরে এই হামলা কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীর পরিচয় এখনও জানা যায়নি।
সমাজমাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, প্রায় জনশূন্য রাস্তা দিয়ে বন্দুক হাতে একা এক যুবক হেঁটে যাচ্ছেন। দাবি, ওই যুবকই ব্যাঙ্ককে হামলা চালিয়েছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
