কলকাতা ও নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের আইফোন হ্যাক করতে চায় কেন্দ্র, অ্যাপ্ল সংস্থা থেকে তেমনই সতর্কবার্তা এসেছে তাঁর ফোনে। মহুয়া নিজেই এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন। প্রমাণ স্বরূপ অ্যাপ্লের মেসেজ এবং ইমেলের স্ক্রিনশট পোস্ট করেছেন তিনি। এক্স-এ অ্যাপেলের পাঠানো বার্তা ও ইমেলের স্ক্রিনশট পোস্ট করে জানিয়েছেন মহুয়া।
অ্যাপেলের পাঠানো বার্তায় লেখা রয়েছে, ‘রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনার আইফোনকে হয়তো টার্গেট করেছে। অ্যাপেল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন সম্ভবত এ সব দেখে হ্যাকারেরা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে। এই রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা যদি আপনার আইফোনে এক বার ঢুকতে পারে, তাহলে তারা আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকী ক্যামেরা এবং মাইক্রোফোনের অ্যাক্সেসও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।’
আর অ্যাপেলের পাঠানো এই সতর্কবার্তাকেই হাতিয়ার করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। এক্সে তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার আমার ফোন ও ইমেল হ্যাক করার চেষ্টা করছে। অ্যাপেল থেকে সেই সতর্কবার্তা পেয়েছি। আপনাদের ভয় দেখে আমার করুনা হচ্ছে।’ তবে তিনি একা নন, মহুয়া জানিয়েছেন, এই ধরনের সতর্কবার্তা শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী-সহ আইএনডিআই জোটের আরও তিন জন অ্যাপেল ব্যবহারকারী পেয়েছেন।
টাকা ও উপহারের বদলে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন কাণ্ডে এমনিতেই বিপাকে পড়েছেন মহুয়া। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে লোকসভার এথিক্স কমিটিতে চলছে সেই বিষয়ের শুনানি। তার মাঝেই কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল সাংসদের এই অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
এদিকে, মহুয়ার মতো একই অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা শশী থারুর, পবন খেরা, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি প্রমুখ।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
