রাজকোট, ১৫ ফেব্রুয়ারি : অবশেষে রোহিতের ব্যাট কথা বলল। ১০ ইনিংস পর টেস্টে তাঁর সেঞ্চুরি এল। বিপর্যয়ের মুখে রবীন্দ্র জাদেজা(১১০*) ও রোহিত শর্মার(১৩১) সেঞ্চুরি করে দলকে বাঁচালেন। গত বছর জানুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার ১০৩ রান করেছিলেন হিটম্যান। প্রায় ১ বছর পরে রাজকোটে ১১-তম সেঞ্চুরিটি করলেন তিনি।
চোটের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলেননি রবীন্দ্র জাদেজা। চোট সারিয়ে ফিরে দুর্দান্ত ইনিংস খেললেন। আর অভিষেকেই ৬২ রান করে চমকে দিলেন সরফরাজ খান। প্রথম দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ৩২৬। জাদেজার সঙ্গে ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (১)। রাজকোট টেস্টের প্রথম দিনের শেষে ভারত মোটামুটি ভালো জায়গায়। ইংল্যান্ডের হয়ে ভালো বোলিং করলেন মার্ক উড। তিনি নিয়েছেন ৬৯ রানে ৩ উইকেট।
