ইমফল, ১৫ ফেব্রুয়ারি : মণিপুরের চূড়াচাঁদপুরে পুলিশ সুপার (এসপি)-এর অফিসে সশস্ত্র হামলার চেষ্টা করেছে প্রায় ৪০০ জনের বিশাল মব। ঘটনা আজ বৃহস্পতিবার রাতে সংঘটিত হয়েছে।
রাজ্য পুলিশের সদর দফতরের জনৈক আধিকারিক জানান, সশস্ত্র কতিপয় ব্যক্তির সঙ্গে জেলা পুলিশের এক হেড কনস্টেবল সিয়ামলালপলকে একটি ভিডিওয় দেখা গিয়েছিল। ওই ভিডিও দেখে আজ বিকেলে সিয়ামলালপলকে বরখাস্ত করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাত প্রায় আট-সাড়ে আটটার দিকে প্ৰায় ৩০০ থেকে ৪০০ জনের এক দল হাতে হাতে বন্দুক, দা, লাঠি-সোঁটা ইত্যাদি নিয়ে চূড়াচাঁদপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল, বলেছেন আধিকারিক।
তবে আরএএফ (রেফ) এবং আসাম রাইফেলস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে তাদের। ঘটনার ওপর নিরপত্তা বাহিনী নজর রেখেছে।
পুলিশ আধিকারিক জানান, হেড কনস্টেবল সিয়ামলালপলকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সাসপেনশনের অধীনে রেখেছিলেন চূড়াচাঁদপুরের এসপি শিবানন্দ সুরভে। বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি এবং গ্রামের স্বেচ্ছাসেবকদের সাথে হেড কনস্টেবল সিয়ামলালপলকে বসে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এর পর পুলিশ সুপার তাকে বরখাস্ত করেছিলেন।
