মুরুম্বি, ৫ আগস্ট (হি.স.): ছন্দে আছেন ব্রাজিল তারকা নেইমার। মঙ্গলবার সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান সিরি আ লিগে জুভেন্তুসের বিরুদ্ধে জোড়া গোল করলেন। সান্তোস জিতল ৩-১ ব্যবধানে। ভারতীয় সময় মঙ্গলবার ভোরে মুরুম্বি স্টেডিয়ামে ম্যাচের ৩৭ মিনিটেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। আর্জেন্টাইন উইঙ্গার আলভা ব্যারেলের পাস থেকে নেইমার গোল করেন। এর তিন মিনিট পর সতীর্থের থেকে বল পেয়ে আলভারো ব্যারেল ব্যবধান ২-০ করেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্সেলো হার্মিসের কর্নার কিক থেকে ব্যবধান কমান জুভেন্তুসের উইলকার অ্যাঞ্জেল। নেইমারের দ্বিতীয় গোলটি আসে ৮০ মিনিটে। পেনাল্টি স্পট থেকে তাঁর ডান পায়ের নিচু শট ঠেকাতে গিয়ে জুভেন্তসের গোলকিপার রুয়া কার্নেইরো ভারসাম্য হারান।
জাতীয় দল ও ক্লাব পর্যায় মিলিয়ে প্রায় ২ বছর পর কোনও ম্যাচে নেইমার একাধিক গোল করলেন। সর্বশেষ নেইমার জোড়া গোল করেছিলেন বিশ্বকাপের বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে। এই জয়ে সান্তোসের পয়েন্ট হল ১৮ এবং তাঁরা রেলিগেশন জোন থেকে ১৫তম স্থানে উঠে এসেছে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
