হার্ড রক, ২৪জুন(হি.স.): ক্লাব বিশ্বকাপে মঙ্গলবার সকালে উত্তেজনাপূর্ণ এক ম্যাচের সাক্ষী থাকল হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা কয়েক হাজার দর্শক। মঙ্গলবার (২৪ জুন) সকালে গ্রুপ ‘এ’-এর ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। প্রথমে দুই গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয়তায় ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
তবে ড্র করেও শেষ ষোলোর টিকিট কেটেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি। গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারলেও, রানার্স আপ হয়ে শেষ ষোলোতে উঠেছে তারা। আর মায়ামির সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে পালমেইরাস।
ম্যাচে আধিপত্য ছিল পালমেইরাসের। তবে প্রথম হাফে তারা এক গোল খেয়ে পিছিয়ে ছিল। ম্যাচের ১৬ মিনিটে সুয়ারেজের পাস থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদেও অ্যালেন্ডে।
দ্বিতীয় হাফে আবার লিড পায় মায়ামি। ৬৫ মিনিটে গোল করেন সুয়ারেজ। কে ভেবেছিল এই ম্যাচ ড্র করবে মায়ামি। ম্যাচের ৮০ থেকে ৮৭ মিনিটের মধ্যে দুই গোল খায় মায়ামি। ৮০ মিনিটে পালমেইরাসের হয়ে জালের দেখা পান পাউলিনহো। তাঁর সাত মিনিট পর ব্রাজিলিয়ান ক্লাবটিকে সমতায় ফেরান মাউরিসিও। শেষ পর্যন্ত ২-২ ড্র করে দুটি দলই শেষ ষোলোর টিকিট কেটেছে ক্লাব বিশ্বকাপে।
এদিকে গ্রুপের আরেক ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। দুই দলই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
