মিউনিখ, ২৭ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার রাতে ভেরডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোলে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে নতুন রেকর্ডে নাম লেখালেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ইউরোপের শীর্ষ ৫ লিগে একটি ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের কীর্তি গড়লেন কেইন।
বায়ার্ন মিউনিখের জার্সিতে শত গোলের মাইলফলক স্পর্শ করলেন কেইন ১০৪ ম্যাচ খেলে। এর আগে ইউরোপের শীর্ষ ৫ লিগে দ্রুততম শত গোল করার রেকর্ড যৌথভাবে দখলে রেখেছিলেন রোনাল্ডো ও হলান্ড। রোনাল্ডো ২০১১ সালে ১০৫ ম্যাচে রেকর্ডটি গড়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর ম্যানচেস্টার সিটির হয়ে গত বছর তার রেকর্ড ছুঁয়ে ছিলেন হলান্ড।
কেইনের জোড়া গোল ও রেকর্ডের দিনে বুন্দেস লিগায় ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বায়ার্ন। দলের হয়ে বাকি দুটি গোল করেছেন জনাথন তাহ ও কনরাড লেইমার।
এ জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তাদের নিচে অবস্থান করছে বরুশিয়া ডর্টমুন্ড।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
