ম্যানচেস্টার, ২ অক্টোবর (হি.স.): ইউরোপ সেরার ট্রফি পুনরুদ্ধারের অভিযানে প্রথম হোঁচট খেল পেপ গুয়ার্দিওলার দল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডে বুধবার মোনাকোর মাঠে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
হলান্ডের দারুণ গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় সিটি। তিন মিনিট পর সমতায় ফেরে মোনাকো। গোল করেন ডাচ ডিফেন্ডার জর্ডান টেজে।
বিরতির আগে ৪৪ মিনিটে দলকে ফের এগিয়ে দেন হলান্ড। এই গোলের পর চলতি আসরে দুই ম্যাচে তার গোল হল তিনটি। চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল ৫২টি, ৫০ ম্যাচে।
৮৫ মিনিটে আসে সমতার গোল। ডি-বক্সে প্রতিপক্ষের এরিক ডায়ারকে ফাউল করে বসেন গন্সালেস। ভিএআর মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি। নিজেই স্পট কিক নিয়ে মোনাকোকে সমতা টানেন এই ইংলিশ ডিফেন্ডার। বাকি সময়ে গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করলেও গোল করতে পারেনি ম্যানচেস্টার সিটি।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
