কলকাতা, ২১ জুন (হি.স.): হেডিংলি টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বোলারদের হতাশ করে ভারত ৩৫৯ রান তুলেছে ৩ উইকেট হারিয়ে। রোহিত শার্মা ও বিরাট কোহলির অবসরের পর টেস্ট ক্রিকেটে ভারতের নতুন যুগের শুরুর দিনটা ভালোই কাটল। সাদা পোশাকে ইংল্যান্ডের বিরুদ্ধে এলো দু’দুটো সেঞ্চুরি । দারুণ ফর্ম ধরে রেখে আরেকটি সেঞ্চুরি উপহার দিলেন জয়সওয়াল। অসাধারণ ব্যাটিংয়ে শুভমান গিল নেতৃত্বের অভিষেক রাঙালেন সেঞ্চুরি করে। আর সহ অধিনায়ক ঋষভ পন্থ পেলেন অর্ধ সেঞ্চুরি। শুরুর দিনে সফরকারীরা ওভারপ্রতি রান করেছে ৪.২২ করে। হেডিংলি টেস্টে ভারত এখন বড় রান সংগ্রহের পথে।
ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টে ওপেনার জয়সওয়াল খেললেন ১৫৯ বলে ১০১ রানের একটা সুন্দর ইনিংস। সেই সঙ্গে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। আর পঞ্চম ভারতীয় হিসেবে টেস্ট নেতৃত্বের অভিষেক ইনিংসে সেঞ্চুরি করে ১২৭ রানে অপরাজিত আছেন গিল। আর দিনের শেষে দারুণ সব শট খেলে ১০২ বলে ৬৫ রানে অপরাজিত আছেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ।
উল্লেখ্য, কোনও টেস্ট সফরের প্রথম দিন দুই ভারতীয় ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা তৃতীয়। ২০০১ সালে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সচিন তেন্ডুলকার ও শেহবাগ এবং ২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারা এমন করেছিলেন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
