মুম্বই, ৯ নভেম্বর(হি.স.): অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট অকপটে জানিয়ে দিলেন যে মহম্মদ শামি-জশপ্রীত বুমরাহ -মহম্মদ সিরাজকে মোকাবিলা করা একেবারেই অসম্ভব। কারন এবারের বিশ্বকাপে এই তিন পেস বোলার উইকেটের দুই দিকে থেকেই সমানভাবে সুইং বল তো করছেনই সেই সঙ্গে সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে বিপক্ষের ব্যাটিং লাইনআপকে বিপর্যস্ত করছেন।
অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার এও বলেছেন, “দিন কিংবা রাত, এবারের বিশ্বকাপের ভারতের জোরে বোলিং একেবারে অপ্রতিরোধ্য। ওদের বোলিং দেখলে মনে হচ্ছে প্রতিপক্ষের ব্যাটাররা এই তিন বোলারের ভয়ে কাঁপছে, ওদের বিরুদ্ধে ব্যাটিং করতে সবাই দিশেহারা। কারণ শামি, বুমরাহ ও সিরাজ ভয়ংকর।”
তারপর এই তিন জোরে বোলারের সঙ্গে ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব । এমন ম্যাচ উইনার স্পিনারদের নিয়ে গিলক্রিস্টের ব্যাখ্যা, “তিনজন জোরে বোলারের কাছ থেকে রেহাই পাওয়ার উপায় নেই। তারপর জাদেজা ও কুলদীপের বোলিংএও রেহাই নেই। ভারতের পিচে দুজন কতবড় ম্যাচ উইনার, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই ভারত কোনও ভুল না করলে, বিশ্বকাপ জিতবেই।”
হিন্দুস্থান সমাচার শান্তি
