কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.) : বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে জায়গা করে নিতে ব্রাজিলকে হারাতে হতো বলিভিয়াকে। তার পাশাপাশি তাকিয়ে থাকতে হতো কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের দিকে। এই সমীকরণে খেলতে নেমে বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ৬-৩ গোলে হেরেছে ভেনেজুয়েলা। আর এই জয়ে প্লে-অফে জায়গা করে নিল বলিভিয়া। ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে বাড়ানো এক্সট্রা টাইমে। পেনাল্টি থেকে গোলটি করেন বলিভিয়ার মিগুয়েলিটো।
ম্যাচে বলিভিয়া গোলের জন্য ২৩ শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্য দিকে বল দখলে ব্রাজিল এগিয়ে থাকলেও গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল তিনটি শট লক্ষ্যে রাখতে পেরেছে। বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। অপরদিকে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে বলিভিয়া। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে সপ্তম হওয়ায় আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছেন তাঁরা । এদিকে লাতিন আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও বিশ্বকাপ নিশ্চিত করেছে ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ও প্যারাগুয়ে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
