রাঁচি, ৩০ জুলাই (হি.স.): ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় আগামী ১ আগস্ট থেকে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে এবং আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। এর পাশাপাশি তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন রাঁচির আবহাওয়াবিদ অভিষেক আনন্দ। তিনি জানান, চলতি বছরে ১ জুন থেকে ২৯ জুলাই পর্যন্ত রাজ্যে বেশ ভালো বৃষ্টিপাত হয়েছে। গড্ডা ও পাকুড় বাদে বাকি ২২টি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
অন্যদিকে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সর্বাধিক ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ধানবাদের টুণ্ডি এলাকায়। বুধবার সকাল থেকেই রাঁচি এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা ছিল এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। বুধবার রাঁচিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, জামশেদপুরে ৩০.৪, ডাল্টনগঞ্জে ৩০.২, বোকারোতে ৩০.১ এবং চাইবাসায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
