কদমতলা (ত্রিপুরা), ২২ জুলাই (হি.স.) : সিপিআই(এম) দলের প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের ভগবান হনুমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়ে জারি রয়েছে বিজেপি এবং তার যুব সংগঠন যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় কদমতলা কুর্তি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে কদমতলা বাজারে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে শংকর প্রসাদ দত্তের বিরুদ্ধে স্লোগানে মুখর হয় গোটা এলাকা। মিছিল থেকে সিপিআই(এম) দলকে ‘হিন্দুধর্ম বিরোধী’ দল হিসেবে আখ্যায়িত করে কড়া ভাষায় নিন্দা জানান বিজেপি কর্মীরা। বিজেপির যুব মোর্চার স্থানীয় নেতৃত্বরা অভিযোগ করেন, বারবার সিপিআই(এম) নেতারা হিন্দু ধর্মের বিশ্বাসকে আঘাত করছেন। এটা আর সহ্য করা হবে না।
মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কদমতলা বাজারে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ প্রশাসন। উপস্থিত ছিলেন কদমতলা থানার অফিসার-ইন-চার্জ সহ বিশাল সংখ্যায় পুলিশকর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ চড়ছে এই অঞ্চলে। প্রশাসনও গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।
এদিকে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, শংকর প্রসাদ দত্তকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
