আগরতলা, ২১ নভেম্বর (হি.স.) : আগরতলা পুর নিগম প্রতিটি ওয়ার্ডে পুনরায় প্রতি ঘরে সুশাসন ২.০ অনুষ্ঠিত হবে৷ এই কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার পুর নিগমের কনফারেন্স হল–এ এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে মেয়র দীপক মজুদারের পৌরোহিত্যে৷ সভা শেষে মেয়র জানিয়েছেন, গত বছর প্রতি ঘরে সুশাসন কর্মসূচিতে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল৷ সরকারি সুযোগ-সুবিধা যেমন কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ির কাছে ক্যাম্পের মাধ্যমে পাওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল এ বছরও তা করা হবে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত প্রকল্পগুলি থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের কথা মাথায় রেখে প্রায় ৩ মাস ব্যাপী ফের কর্মসূচি নিয়েছে ভারত সরকার৷ এর নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা৷ গত বুধবার দেশ ব্যাপী এর সূচনা হয়৷ প্রতি ঘরে সুশাসন কর্মসূচিতে জনগণ হাতের কাছে সরকারি সুযোগ সুবিধা পেয়ে যান৷ গত বছর এর ব্যাপক প্রচার প্রসার হয়েছিল৷ তাতে সফলতাও এসেছে৷ কিন্তু, বিভিন্ন ক্ষেত্রে জনগণ কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে৷
আগরতলা পুর নিগমের অধীন বিভিন্ন ওয়ার্ডে শিবিরের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট এবং পিআরটিসির মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেট প্রাপ্তির ব্যবস্থা করেছিল৷ এক বছর অতিক্রান্ত হওয়ার পরও বহু আবেদনকারী এখনও ওইসব সার্টিফিকেট পাননি বলে অভিযোগ৷ সচেতন নাগরিকদের একাংশের দাবি মূলত সামনে লোকসভা নির্বাচন৷ এর আগে কেন্দ্রীয় সরকার জনগণের মনে জায়গা করে নিতে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি হাতে নিয়েছে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ
