ডানকুনি, ২৭ নভেম্বর ( হি. স.) : বৃহস্পতিবার হুগলির ডানকুনি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করে এক বাংলাদেশি যুবক। বুধবার রাতে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, ২০১৫ সালে মারা যান এলাকার বাসিন্দা মহসিন খান। অভিযোগ, বাংলাদেশি যুবক নাদিম ওই মৃত ব্যক্তির নাম ব্যবহার করে গণনা ফর্ম ফিল-আপ করে নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। বিষয়টি জানতে পারেন মহসিন খানের দাদা মাইদুল খান। তিনি দেখেন, মৃত ভাইয়ের নামে জমা দেওয়া গণনা ফর্ম নির্বাচন কমিশন গ্রহণও করেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।অভিযুক্ত নাদিম দাবি করেছে, তিনি গত ১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন এবং চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেছিলেন। বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় টাকার বিনিময়ে মৃত মহসিনের গণনা ফর্ম সংগ্রহ করে নিজের ছবি লাগিয়ে জমা দেন।ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা নাদিমকে আটকে রাখেন। পরে ডানকুনি থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। পুলিশের তদন্তকারীরা খতিয়ে দেখছেন—কীভাবে মৃত ব্যক্তির নথি ব্যবহার করে সে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না। পুলিশ জানিয়েছে, নথি জালিয়াতি ও বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে নাদিমকে গ্রেফতার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়
