কলকাতা, ১৬ অক্টোবর, (হি. স.) : পুজোয় ডিউটির সময়ও পুলিশের মুঠোফোন ব্যবহারে নিয়ন্ত্রণ লালবাজারের। এমনকী, কাঁধে নিজস্ব ব্যাগ নিয়েও যাতে কাউকে ডিউটি করতে দেখা না যায়, সেই ব্যাপারেও কড়া হচ্ছেন পুলিশকর্তারা।
গত বছরের অক্টোবরে পুজোর পর ডিউটির সময় পুলিশের মুঠোফোন ব্যবহারে রাশ টানার নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার। এবার লালবাজারের নির্দেশ, পুজোর ডিউটির সময় খুব প্রয়োজন ছাড়া মুঠোফোন ব্যবহার করতে পারবেন না পুলিশকর্মীরা। সোমবারই লালবাজারের কর্তা, প্রত্যেক থানা ও ট্রাফিক গার্ডের ওসিদের নিয়ে বৈঠকে বসতে পারেন পুলিশ কমিশনার। সেখানেই পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন লালবাজারের কর্তারা।
এই বছর প্রায় চার হাজার পুলিশকর্মী অবসর গ্রহণ করেছেন। তাই পুলিশের সংখ্যা কম হলেও অন্তত দশ হাজার পুলিশ পুজোর ডিউটিতে রাস্তায় থাকছে। সঙ্গে অন্তত দশ হাজার ‘পুজো ভলান্টিয়ার’। এছাড়া থাকছেন হোমগার্ড ও সিভিক ভলান্টিয়াররাও।
প্রত্যেকটি বড় পুজোর দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। অন্য গুরুত্বপূর্ণ পুজো, যেখানে দর্শনার্থীদের ভিড়, সেখানে দায়িত্বে থাকছেন সহকারী কমিশনার পদের কর্তা। ছোট পুজো মণ্ডপগুলিতেও প্রয়োজনে পুলিশ মোতায়েন করতে পারেন ডিভিশনের ডিসিরা। চতুর্থী থেকে নবমী টানা বিকেল সাড়ে তিনটে থেকে রাস্তা ও মণ্ডপে পুলিশ মোতায়েন থাকছে। আবার রাত বারোটায় মোতায়েন হচ্ছে পুলিশের দ্বিতীয় ব্যাচ। ফলে দুঘণ্টা টানা ডিউটির পর পুলিশকর্মীরা যাতে একটু বিশ্রাম নিতে পারেন, সেই ব্যবস্থা করতে বলা হয়েছে দায়িত্বে থাকা পুলিশকর্তাদের। সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত ডিউটিতে থাকবে কম সংখ্যক পুলিশ।
হিন্দুস্থান সমাচার/ অশোক
