কলকাতা, ২৫ আগস্ট, (হি.স.): প্রতি বছর দুর্গা পুজোর অনুদানের অঙ্ক একটু একটু বাড়াচ্ছে রাজ্য সরকার। চলতি বছরে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ বিলেও থাকবে ছাড়। কিন্তু যে সব ক্লাব টাকা পাচ্ছে, তারা কি আদৌ টাকার হিসেব দিচ্ছে?
অনুদানের টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনও হিসেব পাওয়া যাচ্ছে কি না, এবার সেই প্রশ্নই তুলল কলকাতা হাইকোর্ট।
এবারেও দুর্গাপুজোর অনুদান নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার সেই সংক্রান্ত এক মামলার শুনানিতে যে সব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি, তাদের কেন অনুদান দেওয়া হল তা নিয়ে রাজ্যের অবস্থান কী, জানতে চাইল কলকাতা হাই কোর্ট।
হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে। সেখানেই বিচারপতির পর্যবেক্ষণ, সরকারি অনুদান নিয়ে কোথায় কত টাকা খরচ হচ্ছে, তা নিয়ে পুজো কমিটিগুলিকে ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ জমা করার কথা বলা হয়েছিল আগেই। কত পুজো কমিটি ওই সার্টিফিকেট জমা দেয়নি? না দেওয়া সত্ত্বেও সেই কমিটিগুলিকে কী অনুদান দেওয়া হচ্ছে?
পুজো অনুদান নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে এদিন রাজ্যের বক্তব্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন রাজ্যকে হাই কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে সওয়াল করেন, ২০২৩ সালে মার্চে হাইকোর্টে জানানো হয়েছিল, ৫০০টির বেশি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। যাদের মধ্য ৩৬টি পুজো কমিটি ওই শংসাপত্র জমা দেয়নি বলে জানান এজি।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
