আগরতলা, ২৭ অক্টোবর (হি.স.) : অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবরায়কে গ্রেফতারের দাবিতে ধলেশ্বরে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন খেলোয়াড়রা।
শারদীয়া দুর্গাপূজার আগে কাবাডি খেলোয়াড় ১৬ বছরের সাগর দেববর্মাকে খেলার জন্য নিয়ে যাওয়া হয় চেন্নাই। সেখানে কাবাডি খেলা সম্পন্ন হওয়ার পর অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবরায় সাগর দেববর্মাকে হাওড়া স্টেশনে ফেলে আগরতলা চলে আসেন। কিন্তু বাড়ি আসার মতো কোনও টাকা-পয়সা ছিলো না সাগরের কাছে। এমতাবস্থায় সাগরের ব্যাগ ও মোবাইল চুরি হয়ে যায়। সে ত্রিপুরার কয়েকজন নাগরিকের সহায়তায় রাজ্যে আসে।
অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রূপক দেবরায়ের এ ধরনের জঘন্যতম ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার আগরতলার ধলেশ্বর এলাকায় তাঁর বাড়ির সামনে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়ে সমস্ত খেলোয়াড়রা বিক্ষোভ প্রদর্শন করেন। ব্যতিক্রমী এ ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ সেখানে ছুটে যায়। বিক্ষোভকারীদের সাথে কথা বলে কোনওরকমে সেখান থেকে তাঁদের সরানোর ব্যাবস্থা করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সুভাষ / সমীপ
