হাওড়া, ২৭ নভেম্বর ( হি. স.)- হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়া এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক চিত্র সামনে এল। বিছানায় পড়ে থাকা মায়ের নিথর দেহ, আর ঠিক নিচে বসে অসহায় অবস্থায় শারীরিকভাবে অক্ষম প্রতিবন্ধী ছোট ছেলে—এই দৃশ্য দেখে শিউরে উঠেছে গোটা এলাকা। মৃত মহিলার নাম রানী বলে জানিয়েছে পুলিশ। তার স্বামী বাবুয়া দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে এই এলাকাতেই থাকতেন।স্থানীয়রা জানান, ওই পরিবারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার প্রতিবেশীরা প্রতিবন্ধী শিশুটিকে ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয়। এরপর তারা বাড়ির ভেতরে গিয়ে রানীর মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ডোমজুড় থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাবুয়া তার স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে পালিয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক। প্রতিবেশীদের দাবি, বাবুয়া প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শিশুটির দায়িত্ব নেওয়া এবং বাবুয়াকে গ্রেফতারের জন্য তৎপরতা শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়
