তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৯ নভেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল ষোলোঘরিয়া এলাকায় শনিবার সকালে শিশু পাচারকারী সন্দেহে এক অপরিচিত ব্যক্তিকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। সন্দেহজনক আচরণ দেখেই এলাকাবাসীরা তাকে আটক করে বেধড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়ে থাকাকালীন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি শিশুদের সঙ্গে সন্দেহজনকভাবে কথাবার্তা বলছিলেন। এর পরই জনতার মধ্যে সন্দেহ দানা বাঁধে এবং মুহূর্তে শুরু হয় গণপিটুনি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তি বিহারের বাসিন্দা। তিনি কেন এই এলাকায় এসেছিলেন, সে বিষয়ে তদন্ত চলছে এবং তার পরিচয় ও অভিপ্রায় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, আইন নিজের হাতে তুলে নেওয়া শাস্তিযোগ্য অপরাধ এবং এ ধরনের ঘটনায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
