নয়াদিল্লি, ২২ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার বিদেশ মন্ত্রক সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
বিদেশমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ৭৫-তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি হিসাবে ভারত সফর করবেন। মন্ত্রক আরও জানিয়েছে, কৌশলগত অংশীদার হিসাবে ভারত এবং ফ্রান্সের অনেক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়ে উচ্চস্তরীয় মিল রয়েছে। এই বছর আমরা ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫-তম বার্ষিকী উদযাপন করছি।
১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত বাস্তিল দিবস প্যারেডে সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ম্যাক্রোঁ এর আগে ৮-৯ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফর করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
