কলকাতা, ২২ আগস্ট (হি.স.): কলকাতা মেট্রোর তিনটি সম্প্রসারিত লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী মোদী সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করেছেন সম্প্রসারিত তিনটি মেট্রো রুটের। উপস্থিত ছিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদার প্রমুখ। যশোর রোড মেট্রো স্টেশন থেকে এদিন নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবা, শিয়ালদহ-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা ও বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এদিনক লকাতা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় যশোর রোড মেট্রো স্টেশনে যাওয়ার পথে রাস্তার দু’ধারে ভিড় করেন সাধারণ মানুষ। মোদীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। প্রধানমন্ত্রীকেও দেখা যায়, গাড়ি থেকে হাত নেড়ে সাধারণ মানুষকে অভিবাদন জানাতে। নতুন মেট্রো ঘিরে সকাল থেকেই ভিড় করেছেন উৎসাহী জনতা। এয়ারপোর্ট থেকে শিয়ালদহ সর্বত্রই চোখে পড়ছে ভিড়। নতুন রুট চালু হয়ে গেলে সুবিধা হবে বহু মানুষের।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
