নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক হয়ে গেল লাইবেরিয়ার পতাকাবাহী একটি ভেসেল, ওই ভেসেলে ১৫ জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। এই খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতীয় নৌসেনা। সোমালিয়ার উদ্দেশে যুদ্ধজাহাজ পাঠানো হয়। ইতিমধ্যেই রওনা দিয়েছে আইএস চেন্নাই। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় নৌবাহিনী।
দুমাসেরও বেশি সময় ধরে লোহিত সাগরে হামলা চালচ্ছে ইয়েমেনের হাউথি জঙ্গিরা। সেখানে হামলা হয়েছিল ভারতীয় বাণিজ্যতরীতেও। এবার ফের জলপথে আক্রান্ত ভারতের জাহাজকর্মীরা। শুক্রবার সকালে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জানুয়ারি সন্ধ্যায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি ভেসেল হাইজ্যাক হওয়ার বিষয়ে জানা যায়। গত সন্ধ্যায় তথ্য পাওয়া গিয়েছে। সোমালিয়ার উপকূলের কাছে হাইজ্যাক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির উপর নজরদারি রাখছে এবং ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলের দিকে জলদস্যুদের কবলে পড়ে এমভি লীলা নরফোক নামে লাইবেরিয়ার পতাকাবাহী ওই ভেসেলটি। লাইবেরিয়া থেকে সেটি যাত্রা শুরু করেছিল। তার পরে সোমালিয়ার উপকূলে পৌঁছতেই অপহরণকারীদের কবলে পড়ে । ভেসেলটিতে কর্মরত আছেন ১৫ জন ভারতীয়। আটকে পড়েছেন তাঁরা সকলেই।
এই খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়ে ভারতীয় নৌসেনা। সঙ্গে সঙ্গে সোমালিয়ার উদ্দেশে যুদ্ধজাহাজ পাঠানো হয়। ইতিমধ্যেই রওনা দিয়েছে আইএস চেন্নাই। অন্যদিকে, আকাশপথে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে নৌসেনার বিমান। সেনা সূত্রে খবর, জাহাজে থাকা ভারতীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তবে অপহৃতদের কবে উদ্ধার করা যাবে সেই নিয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।
হিন্দুস্থান সমাচার/ কাকলি
