নয়াদিল্লি, ২২ জানুয়ারি (হি.স.) : আজ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। গোটা দেশের পাশাপাশি রাম-আবেগে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। লন্ডন থেকে সিডনি, প্যারিস থেকে কানাডা কিংবা আমেরিকা সর্বত্র উঠল রামনামের ধ্বনি। নিউইয়র্কের টাইম স্কোয়ারে দেখা গেল শ্রী রামের ছবি। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলেন অনাবাসী ভারতীয়রা। সবখানেই রামমন্দির উদ্বোধনের দিন শোভাযাত্রা অথবা হিন্দু সম্প্রদায়ের পুজোপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দূর মার্কিন মুলুকে রামমন্দির উদ্বোধনের পারদ চড়ছে। আগেই জানা গিয়েছিল, আনুষ্ঠানিক উদ্বোধনের সরাসরি সম্প্রচার হবে ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে। এছাড়াও আমেরিকার ১০টি প্রদেশে স্থাপিত হয়েছে ৪০টি জায়েন্ট বিলবোর্ড। যেখানে রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঐতিহাসিক বার্তা দেওয়া হয়েছে। ভিএইচপির আমেরিকা শাখা সূত্রে জানা গিয়েছে, বিলবোর্ড বসেছে টেক্সাস, ইল্লিনোয়িস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, জর্জিয়া, অ্যারিজোনা, মিসোউরিতেও। গোটা আমেরিকাতেই ২২ জানুয়ারি একাধিক অনুষ্ঠান শামিল হবেন প্রবাসী হিন্দুরা। বিভিন্ন প্রদেশে পায়ে হেঁটে, গাড়িতে মিছিলের আয়োজন করা হয়েছে। আমেরিকার নানা প্রান্তে হাজারের বেশি মন্দির সেজে উঠেছে রামমন্দির উদ্বোধন উপলক্ষে।
রাম মন্দিরের উদ্বোধনের আগেও রাম ধ্বনিতে মুখর হল টাইম স্কোয়ার। রবিবার রাতে বিশাল সংখ্যক ভারতীয় ভিড় জমান টাইম স্কোয়ারে। তাদের হাতে ছিল শ্রী রামের পতাকা। ঢোল বাজিয়ে, জয় শ্রী রাম ধ্বনি দিয়ে রামকে স্বাগত জানান তাঁরা। টাইম স্কোয়ারের জায়ান্ট স্ক্রিনেও দেখা যায় শ্রী রামের ছবি।
২২ জানুয়ারি দিনটিকে কানাডার ব্রাম্পটন আর ওকভিল পালন করে অযোধ্যায় রামমন্দির দিবস হিসাবে। কয়েক হাজার মাইল দূরে সরযূর তীরে যখন নতুন করে গড়ে ওঠা বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত রামমন্দিরের দ্বারোদ্ঘাটন হয় সোমবার তখন প্রবাসেও তার সাক্ষী থাকেন বহু ভক্তজন। এদিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরে মন্দিরের উদ্বোধনের আগেই শোভযাত্রার আয়োজন করেছেন প্রবাসী হিন্দু সম্প্রদায়। ১০০টির গাড়ির ব়্যালি হয় সেখানে। স্থানীয় মন্দিরগুলিকেও সাজানো হচ্ছে বিশেষ দিনটির জন্য। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে থেকে শোভযাত্রা । ওই মিছিলের অগ্রভাগে ছিল সুসজ্জিত রামরথ। ফ্রান্সের অন্য শহরগুলিতেও হিন্দুরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে পূজাপাঠের আয়োজন করেছে।
এদিকে ইংল্যান্ডেও রামমন্দির নিয়ে সাজসাজ রব। মোদীর উদ্বোধনের আগেই লন্ডনে গাড়ির ব়্যালি আয়োজন করেছিল প্রবাসী ভারতীয়দের একাংশ। গেরুয়া পতাকা নিয়ে রামের নামে জয়ধ্বনি দিয়ে ছোটে বহু গাড়ি। রামমন্দির উদ্বোধনের দিনেও লন্ডন-সহ ইংল্যান্ডের বহু জায়গায় দেখা যায় শোভাযাত্রা। মন্দিরগুলিতে আয়োজন করা হয়েছে বিশেষ পুজোপাঠের। এইসঙ্গে বহু জায়গায় লাইভ রামমন্দির উদ্বোধন দেখানোর ব্যবস্থা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / কাকলি
