মুম্বই, ৭ আগস্ট (হি.স.): ভারতীয় পণ্যের উপরে ‘পাল্টা’ শুল্ক এবং ‘অতিরিক্ত’ শুল্ক মিলিয়ে মোট ৫০% আমদানি শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রভাবে বৃহস্পতিবার বিপুল ভাবে পড়তে থাকে শেয়ার বাজারের দুই প্রধান সূচক। তবে লেনদেনের শেষ পর্যায়ে বাজার সেই পতন সামাল দিতে পেরেছে। মূলত তথ্যপ্রযুক্তি এবং ব্যাঙ্কিং ক্ষেত্রের উপরে নির্ভর করে ঘুরে দাঁড়িয়ে আগের দিনের তুলনায় সামান্য উপরে উঠে দৌড় শেষ করেছে সেনসেক্স এবং নিফ্টি।
উল্লেখ্য, দিনের মাঝে একটা সময়ে সেনসেক্স ৯০০ পয়েন্টের বেশি পড়ে ৮০ হাজারের নীচে নেমে যায়। তবে দিন শেষ করে ৭৯.২৭ পয়েন্ট উঠে ৮০,৬২৩.২৬ অঙ্কে। নিফ্টি ২১.৯৫ পয়েন্ট উঠে হয়েছে ২৪,৫৯৬.১৫। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ বিএসই-র সূচক সেনসেক্সকে দেখা যায় ৪০০ পেরিয়ে নামতে। তা ৮০,১৩৫-এর আশেপাশে ঘোরাফেরা করছিল। অন্য দিকে ওই সময় এনএসই-র সূচক নিফ্টি দাঁড়িয়ে ছিল প্রায় ১৩৫ পয়েন্ট নীচে, ২৪,৪৪১-এ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
