ধলাই(ত্রিপুরা), ২৬ ডিসেম্বর (হি.স.) । ধলাই জেলার অন্যতম প্রাচীন কমলপুর মহকুমার সালমা থানাধীন শান্তিরবাজার এলাকায় বাজার কমিটির উদ্যোগে আয়োজিত হল বাৎসরিক হরিনাম সংকীর্তন তথা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন । হরিনাম সংকীর্তনের আড়ালে সেখানে চলছে জুয়ার রমরমা আসর । আর কর্তব্য ফাঁকি দিয়ে পুলিশ আধিকারিক ব্যস্ত নিজস্বীতে। নাম সংকীর্তনকে কেন্দ্র করে এই ভয়াবহ অব্যবস্থার ছবি সামনে এল সম্প্রতি ।
প্রতি বছর শান্তিরবাজারে হয় এই নাম সংকীর্তন । বসে মেলা । এই বছরও এর ব্যতিক্রম হয় নি । আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে মসৃণ ভাবেই সোমবার সম্পন্ন হয় উৎসব । লাভের লোভে নিজেদের নীতি ও বিবেক বিসর্জন দেন পরিচালন কমিটি । এই উৎসব উপলক্ষ্যে বসানো হয় জুয়ার আসর । উৎসবের মূল পরিধির লাগোয়া প্রয়াত কুসুম দেববরমার ছেলে সুজিতের বাড়িতে বসানো হয় এই আসর । রাত থেকে ভোর পর্যন্ত উৎসবের প্রতিদিন চলে এই আসর । সংশ্লিষ্ট সালমা থানাকে ম্যানেজ করেই এই আসর বসানো হয়েছে বলে প্রকাশ্যেই অভিযোগ করছেন সাধারণ মানুষ । আর সম্ভবত সে কারণেই সালমা থানার এক আধিকারিক কে দেখা গেল উৎসব প্রাঙ্গণে ইউনিফর্ম পরে বন্ধু বান্ধবীদের সঙ্গে সেলফিতে ব্যস্ত!
এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ব্যাবস্থা নেয় এই বিষয়ে সেটাই দেখার ।
হিন্দুস্থান সমাচার/ অনীশ
