নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : বিহারে জোটের সঙ্গে নির্বাচনে লড়বে কংগ্রেস, মঙ্গলবার এই মন্তব্য করেন বিহারের রাজ্য কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিং। তিনি এদিন বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের বিষয়ে মঙ্গলবার পার্টি হাইকমান্ডের সঙ্গে রাজ্য কংগ্রেস আধিকারিকদের একটি বৈঠক হয়েছে। এই বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। বৈঠকে নির্বাচন ও আসন বণ্টন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে বিহারে কংগ্রেস দল জোটগতভাবে নির্বাচনে লড়বে।
দলের সদর দফতরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে অখিলেশ প্রসাদ সিং সাংবাদিকদের জানান, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের নেতা রাহুল গান্ধী মঙ্গলবার বিহার প্রদেশ কংগ্রেস আধিকারিকদের সমস্ত কথা শুনেছেন। তাঁরা আমাদের কিছু পরামর্শও দিয়েছেন। যার উপর ভিত্তি করে আমরা কাজ করব। বিহারে আসন্ন লোকসভা নির্বাচনে জোটের সঙ্গে লড়বে কংগ্রেস। আসন ভাগাভাগির বিষয়টিও দ্রুতই সমাধান করা হবে। তিনি জানান, ২৯ ডিসেম্বর কংগ্রেসের ন্যাশনাল অ্যালায়েন্স কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে আলোচনা হবে।
বৈঠকের পরে কংগ্রেস সভাপতি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এদিন তিনি লোকসভা নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে বিহার কংগ্রেসের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি লিখেছেন, বিহারের মহাজোট সরকার বিহারের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে। আমরা সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বিহারের উন্নতি, সমৃদ্ধি ও শান্তির জন্য, কংগ্রেসের প্রতিটি কর্মী পূর্ণ পরিশ্রমের সঙ্গে জনগণের কাছে পৌঁছোতে এবং বিহারের মানুষের আশা-আকাঙ্খা পূরণ করতে প্রস্তুত।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
