শুক্রবার রাঁচিতে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তরুণ উদীয়মান যশস্বী বেশ ভালো ফর্মেই আছেন। এখনও পর্যন্ত ৩টি টেস্টে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৪৫ রান। আর এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে রাঁচীতেই তিনি দু’টি নজির গড়তে পারেন।
প্রথম নজির : কিংবদন্তি সুনীল গাভাসকারের ৫৪ বছরের পুরনো একটি রেকর্ড। দ্বিপাক্ষিক সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সংগ্রহের নজির রয়েছে গাভাসকারের। সেই ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ় টেস্ট সিরিজ়ে। সেই সিরিজে তিনি করেছিলেন ৭৭৪ রান। দ্বিপাক্ষিক সিরিজ়ে ৭০০ রানের মাইলফলক গাওস্কর আরও একবার স্পর্শ করেছিলেন ১৯৭৮-৭৯ সালে ভারতের মাটিতে এই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেই। তিনি করেছিলেন ৭৩২ রান।
এই সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে গাভাস্কারের এই রানটা স্পর্শ করতে পারেন যশস্বী জয়সওয়াল। কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে যশস্বীর সংগ্রহ এখন পর্যন্ত ৫৪৫ রান। বাকি দু’টি টেস্টে আর ২৩০ রান করতে পারলেই তিনি ভেঙে দিতে পারবেন গাভাসকারের ৫৪ বছরের পুরনো রেকর্ড। ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে দ্বিপাক্ষিক সিরিজ়ে ৭০০ রানের মাইলফলক স্পর্শ করতে তরুণ এই ওপেনিং ব্যাটসম্যান চাই আর ১৫৫ রান।
দ্বিতীয় নজির : এছাড়া চতুর্থ টেস্টে আরও একটি নজির গড়ার সামনে দাঁড়িয়ে আছেন যশস্বী। বিনোদ কাম্বলি ১৪টি ইনিংসে ১০০০ টেস্ট রান করেছিলেন। যা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী যদি ১৩৯ রান করতে পারেন তাহলে কাম্বলির নজির স্পর্শ করবেন তিনি।
