বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই মেঘ-রোদের লুকোচুরি চলছে তিলোত্তমায়, একইরকম আবহাওয়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও। এরইমাঝে শুক্রবার কলকাতায় কিছুটা নামল সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার সকাল থেকে মেঘলা আকাশ কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে, মাঝেমধ্যে রোদের দেখাও মিলেছে। রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস। বৃহস্পতিবার রাতে শহরে বৃষ্টি হয়েছে। কলকাতা এবং সংলগ্ন শহরতলির বিভিন্ন জায়গায় রাতে কিছু ক্ষণের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে দেখা যায়। যদিও বৃষ্টি কোথাও খুব বেশি ক্ষণ স্থায়ী হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। তবে কলকাতা এবং সংলগ্ন এলাকায় শনিবারের পর আবার শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিঙে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। তবে শনিবার থেকে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও আবহাওয়া মূলত শুকনো থাকবে।
