মুম্বই, ২ ফেব্রুয়ারি : সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও টেস্ট ম্যাচে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না শুভমান গিলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের খারাপ পারফরমেন্স দ্বিতীয় টেস্টেও অব্যাহত। শুক্রবার দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা দ্রুত ফিরে গেলে, ক্রিজে নেমেছিলেন শুভমান গিল। আজ শুরুটা ভালো করলেও কিন্তু ভালো হল না। ৫টি চার মেরে ৪৬ বলে ৩৪ রানে ফিরলেন শুভমান এবং সবচেয়ে অবাক করার বিষয় হল তাঁকে এবার নিয়ে মোট পাঁচবার আউট করলেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ম্যাচে নিজের উইকেট এভাবে ছুঁড়ে দেওয়ার জন্য ফের একবার সমালোচনার মুখে পড়েছেন শুভমান।
চেতেশ্বর পূজারা, রাহানের মতো সিনিয়রদের ছেঁটে শুভমানকে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু টেস্ট ক্রিকেটে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না শুভমান গিল। দেখা যাচ্ছে,গত ১২টি ইনিংসে কোনও অর্ধ শতরান নেই। শেষ শতরান তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮ রান। এরপর থেকে টেস্ট ম্যাচে ক্রিকেটে রানের খড়া চলছেই শুভমানের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে কিছু করতে পারেননি। তাঁর এই পারফরমেন্স দেখে একাধিক প্রাক্তন মনে করছেন, বিরাট কোহলি তৃতীয় টেস্টের দলে ফিরলে, সবার আগে শুভমানকেই বাদ পড়তে হবে।
