মুম্বই, ১৯ জুলাই (হি.স.) : শনিবার বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হচ্ছে রজার বিনিকে। এদিন তিনি করবেন শেষ অফিস। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গাঙ্গুলী দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বিনি পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত সভাপতি হতে পারেন রাজীব শুক্লা। আগামী সেপ্টেম্বরে বিসিসিআই বাৎসরিক সভায় নতুন বোর্ড সভাপতির নির্বাচন হওয়ার কথা রয়েছে।
গঠনতন্ত্র অনুসারে বিসিসিআই সভাপতির মেয়াদ তিন বছর। তবে বয়সের কারণে পুরো মেয়াদ শেষ হওয়ার আগেই বিনিকে দায়িত্ব ছাড়তে হচ্ছে। কারণ বিসিসিআইয়ের গঠনতন্ত্রে আছে কোনও ব্যক্তির ৭০ বছরের বেশি বয়স হলে এই দায়িত্বে থাকতে পারবেন না। শনিবার ১৯ জুলাই বিনির বয়স হচ্ছে ৭০ বছর।
বিনি বিদায়ের পর ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বর্তমান সহ সভাপতি রাজীব শুক্লা ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন আইপিএল কমিশনার, ২০২০ সালে হন বিসিসিআই সহসভাপতি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
