মিউনিখ, ২৬ অক্টোবর (হি.স.):
বুন্ডেসলিগায় শিরোপা ধরে রাখার অভিযানে টানা অষ্টম জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবারের ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার তলানির দল বরুশিয়া মনশেনগ্লাডবাখ।
৬৪ মিনিটে ডেডলক ভাঙেন জসুয়া কিমিখ। পাঁচ মিনিট পর ওলিসের থ্রু বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল গেররেইরো। আর ৮০ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল।
আট ম্যাচে সবগুলো ম্যাচ জয়ের পথে মোট ৩০টি গোল করেছে বায়ার্ন, বুন্ডেসলিগার ইতিহাসে যা নতুন রেকর্ড। ২৪ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।
চলতি মরসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে বায়ার্ন।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
