কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর (হি.স.): নেপালের উত্তাল পরিস্থিতিতে দেশের দখল নিয়েছে সেনা। প্রথমে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী কার্ফু জারি করা হয়েছিল। কিন্তু পরে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন বিদ্রোহী যুব সম্প্রদায়ের অগ্নিসংযোগ, লুটপাট, সম্পত্তির ক্ষতি এবং হামলার চেষ্টা অব্যাহত রাখার কারণে এই পদক্ষেপ করার প্রয়োজন ছিল।
এদিকে, বুধবার থেকেই কাঠমান্ডু বিমানবন্দর পুনরায় চালু হবে, এমনটাই জানিয়েছে নেপাল অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছে, আমরা এতদ্বারা জানাচ্ছি যে প্রতিকূল পরিস্থিতির কারণে স্থগিত থাকা ফ্লাইটগুলি পুনরায় চালু হবে, যা আজ অনুষ্ঠিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুসারে করা হয়েছে। ফ্লাইটের জন্য বিমানবন্দরে ভ্রমণকারী যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা ফ্লাইটের তথ্যের জন্য তাদের নিজ নিজ বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করুন এবং ভ্রমণের সময় অফিসিয়াল বিমান টিকিট এবং পরিচয়পত্র সঙ্গে রাখুন।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
