জুরিখ, ১৩ ডিসেম্বর (হি.স.): সেরা গোলরক্ষকের দৌড়ে এগিয়ে রয়েছেন বোনো, কোর্তোয়া ও এদেরসন। আগামী ১৫ জানুয়ারি জানা যাবে, এই তিন জনের মধ্যে কে জিতলেন ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার। আগামী ১৫ জানুয়ারি লন্ডনে ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। সেরা গোলরক্ষক বাছাইয়ে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে লড়াইয়ে মধ্যে ছিলেন পাঁচ জন, যাদের থেকে এই তিনজনকে বেছে নিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। ফিফা ওয়েবসাইটে জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেওয়া ভোটের ভিত্তিতে এদের বেছে নেওয়া হয়েছে।
ইয়াসিন বোনো (মরক্কো):
কাতার বিশ্বকাপে মরক্কোর গোলপোস্টে দাঁড়িয়ে দুর্দান্ত খেলেছেন । তাছাড়া বোনো ক্লাব ফুটবলেও সেভিয়ার জার্সিতে ছিলেন উজ্জ্বল। দলটির সপ্তমবারের মতো ইউরোপা লিগ জয়েও তিনি অবদান রেখেছিলেন।
থিবো কোর্তোয়া (বেলজিয়াম):
চোটের কারণে অনেক দিন ধরে মাঠের বাইরে আছেন এই বেলজিয়ান গোলরক্ষক। তবে ঠিক সময়ে ঠিকই দ্যুতি ছড়ান তিনি, বিশেষ করে রিয়াল মাদ্রিদের হয়ে। ওসাসুনার বিপক্ষে সবশেষ কোপা দেল বের ফাইনালে রেয়ালের ২-১ গোলের জয়ের সঙ্গী ছিলেন তিনি।
দেশের হয়ে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করা কোর্তোয়াকে ‘ওয়াক অব ফেমে’ জায়গা দিয়ে সম্মানিত করেছে বেলজিয়াম।
এদেরসন (ব্রাজিল)
গত মরসুমে ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের নায়কদের একজন এই ব্রাজিলিয়ান। তিনি সিটির ষষ্ঠবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে দারুণ অবদান রাখেন। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সিটির সপ্তম এফএ কাপ জয়ের মিশনেও উজ্জ্বল ছিলেন তিনি। পরে তিনি জেতেন চ্যাম্পিয়ন্স লিগও।
হিন্দুস্থান সমাচার /শান্তি
