রাজ্যের সীমানা অতিক্রম করে এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হচ্ছে, বলেছেন এন বীরেন সিং
ইমফল, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : মেঘালয়ে একটি বড়সড় আন্তর্জাতিক মাদকচক্রকে পাকড়াও করেছে পুলিশ। রাজ্যের সীমানা অতিক্রম করে এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে সংগঠিত গুরুতর ঘটনাবলি প্রকাশ্যে আসছে, বলেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং৷
আজ সোমবার বেলা ০৩:০০টায় নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে প্রতিক্রিয়া ব্যক্ত করে বীরেন সিং লিখেছেন, ‘মেঘালয়ে (পশ্চিম জয়ন্তিয়াপাহাড় জেলা পুলিশের অভিযানে) ৫০টি সাবানের বাক্স থেকে প্রায় আড়াই কোটি টাকার ৫১২.৬৩ গ্রাম হেরোইন সহ মণিপুরের কাংপোকপি জেলার নাখুনজাঙের বাসিন্দা চুচুং সের্তো এবং চূড়াচাঁদ জেলার সংপেহ-এর থাংগিন তোথাং-কে গ্ৰেফতার করেছে মেঘালয় পুলিশ।’
এক্স-এ তিনি লিখেছেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো, তাদের হেফাজত থেকে ভারতীয় ৬,৭৭৫ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা ৩,০০০ সাউথ কোরিয়ান অওন, ৫০০ কাজাখস্তান টেঙ্গে, ১০টি বার্মিজ কিয়াত উদ্ধার হয়েছে।’
বীরেন লিখেছেন, ‘বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় মণিপুরের কতিপয় বাসিন্দার যে আন্তর্জাতিক ড্রাগ-লিংক রয়েছে তা আবারও প্রমাণিত।’ তিনি বলেন, এটি ঠিক সে ধরনের উদ্বেগ যা আমি দীর্ঘদিন ধরে উত্থাপন করছি এবং এখন এটি আমাদের সামনে। বিদেশি অর্থ এবং পাচারের মাত্রা একটি বৃহত্তর নেটওয়ার্কের দিকে নির্দেশ করে যা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’
‘এটি শুধু উত্তরপূর্ব ভারত নয়, জাতীয় সমস্যা যা আমাদের তরুণদের নিরাপত্তা এবং ভবিষ্যতকে প্রভাবিত করে। আমাদের অবশ্যই কথা বলতে হবে, এখনই কাজ করতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’ এক্স-এ উদ্বেগের সঙ্গে লিখেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিং।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
