কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): ফের অগ্নিকাণ্ড কলকাতায়! এবার আগুন লাগল আমহার্স্ট স্ট্রিট এলাকার একটি প্রিন্টিং প্রেসে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কিছু দোকানও। বৃহস্পতিবার সকালে আমহার্স্ট স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আগুন লাগে। কী কারণে এই আগুন তা এখনও স্পষ্ট নয়। তবে ভিতরে প্রচুর দাহ্যবস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে। দমকলের পাঁচটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এই প্রিন্টিং প্রেসের সামনে সারিবদ্ধ দোকান। আতঙ্কে ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে প্রিন্টিং প্রেসে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন লাগার কিছু ক্ষণের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের দোকানগুলিও।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
