গুয়াহাটি, : রেল সংযোগ বৃদ্ধি করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে যোগবাণী-শিলিগুড়ি টাউন এবং ডিব্রুগড়-দেওঘরের মধ্যে দুটি নতুন ট্রেন পরিষেবা চালু করেছে। এই ট্রেন পরিষেবাগুলির মধ্যে ট্রেন নম্বর ১৫৭২৩ / ১৫৭২৪ যোগবাণী-শিলিগুড়ি টাউন-যোগবাণী সপ্তাহে পাঁচদিন এবং ট্রেন নম্বর ১৫৯২৬ / ১৫৯২৫ ডিব্রুগড়-দেওঘর-ডিব্রুগড় সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ মার্চ যোগবাণী থেকে শিলিগুড়ি টাউন পর্যন্ত ট্রেন সংযোগটি ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এই এক্সপ্রেস ট্রেনগুলি অসম, পশ্চিমবঙ্গ, বিহার, এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগ উন্নত করবে এবং ব্যবসা ও অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে আজ রবিবার এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, ট্রেন নম্বর ১৫৭২৩ যোগবাণী-শিলিগুড়ি টাউন এক্সপ্রেস যোগবাণী থেকে ০৫.৪০ ঘণ্টায় রওয়ানা দেবে এবং একইদিনে ১৩.৩০ ঘণ্টায় শিলিগুড়ি টাউন পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৫৭২৪ শিলিগুড়ি টাউন-যোগবাণী এক্সপ্রেস শিলিগুড়ি টাউন থেকে ১৬.৫০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ০০.১৫ ঘণ্টায় যোগবাণী পৌঁছবে। এই এক্সপ্রেস ট্রেনগুলি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র এবং শনিবার চলাচল করবে এবং ৪মার্চ থেকে যাত্রা শুরু হবে।
এই ট্রেনগুলি উভয় দিক থেকে ফরবেসগঞ্জ, আরারিয়া, পুর্নিয়া জংশন, কাটিহার জংশন, শালমারি, বারসোই জংশন, ডালখোলা, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন হয়ে চলাচল করবে। ট্রেনগুলিতে যাত্রীদের জন্য ১২টি সেকেন্ড ক্লাস, তিনটি চেয়ার কার এবং একটি এসি চেয়ার কার কোচ থাকবে।
একইভাবে ট্রেন নম্বর ১৫৯২৬ ডিব্রুগড়-দেওঘর এক্সপ্রেস ডিব্রুগড় থেকে ২৩.৩০ ঘণ্টায় রওয়ানা দিয়ে যা কার্যকর হবে ৫ মাৰ্চ মঙ্গলবার এবং বৃহস্পতিবার ০৬.০০ ঘণ্টায় দেওঘর পৌঁছবে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ১৫৯২৫ দেওঘর-ডিব্রুগড় এক্সপ্রেস দেওঘর থেকে ২০.০৫ ঘণ্টায় রওয়ানা দেবে, যা কার্যকর হবে ৭ মার্চ বৃহস্পতিবার এবং পরেরদিন ২৩.০০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। এই ট্রেনগুলি যাত্রার সময় উভয় দিক থেকে ধেমাজি, নর্থ লখিমপুর, হারমতি, বিশ্বনাথ চারআলি, রাঙাপাড়া নর্থ, ওদালগুড়ি, রঙিয়া জংশন, নলবাড়ি, বরপেটা রোড, নিউবঙাইগাঁও, কোকরাঝাড়, নিউজলপাইগুড়ি, কিষাণগঞ্জ, বারসোই জংশন, কাটিহার জংশন, খাগারিয়া জংশন, ভাগলপুর এবং মোহনপুর হয়ে চলাচল করবে।
ট্রেনগুলিতে যাত্রীদের জন্য দুটি এসি ২-টিয়ার, ছয় টিএসি ৩-টিয়ার, সাতটি স্লিপার ক্লাস, চারটি সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
যোগবাণী ও শিলিগুড়ি টাউনের মধ্যে এই নতুন ট্রেন পরিষেবাগুলি উত্তরবঙ্গ এবং বিহার অঞ্চলের জনগণকে উপকৃত করবে। একইভাবে, ডিব্রুগড় ও দেওঘরের মধ্যে নতুন ট্রেন পরিষেবাগুলি ব্রহ্মপুত্রের উত্তরপার এবং উত্তরবঙ্গ অঞ্চলের জনগণকে যথেষ্ট উপকৃত করবে বলে মনে করেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।
