ইটানগর, অরুণাচল প্রদেশের লংডিং জেলায় সংঘটিত এক বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। নিহতদের নামধাম জানা যায়নি। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে।
প্রাপ্ত খবরে প্রকাশ, অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসেস পরিচালিত একটি বাস আজ বিকালে ওয়াক্কা থেকে চোংখামের দিকে যাওয়ার সময় রাস্তা থেকে ছিটকে খাড়া খাদে পড়ে যায়। খাদে পড়ে নিহতদের মধ্যে এক যাত্রী সহ বাসের চালক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশের জনৈক তদন্তকারী অফিসার জানান, বাসের এক যাত্রী বাইরে হাত বাড়িয়ে ফটো তুলতে মগ্ন ছিলেন। এক সময় তাঁর হাত রাস্তার পাশে একটি গাছে আটকে যায়। তার চিৎকারে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়ি রাস্তা থেকে ছিটকে খাড়া খাদে গড়িয়ে পড়ে।
সন্ধ্যা থেকে উদ্ধারকার্য চালিয়েছেন এসডিআরএফ-এর জওয়ানরা। কিন্তু রাতের অন্ধকার নেমে আসায় বেশ অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে তাঁদের। ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোন ব্যবস্থা করা হচ্ছে।
