পশ্চিম মেদিনীপুর, ২১ অক্টোবর : রেল শহর খড়্গপুরও পিছিয়ে নেই থিম যুদ্ধে৷ কোথাও ঘুঙুর নাচ তো কোথাও মহারাষ্ট্রের ইলোরার শিব মন্দির উঠে এসেছে পুজোর থিমে৷ খড়গপুর তালবাগিচার নেতাজি ব্যায়ামগার ক্লাবের এই বছরের থিম ইলোরার শিব মন্দির৷ বলা যায় মণ্ডপটি তৈরি হয়েছে শিব মন্দিরের আদলে৷ প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে মণ্ডপটি ৷ ৫৪ তম বছরে পদার্পণ করেছে এই পুজো৷
পুজো উদ্যোক্তাদের মতে, ইতিহাসের বহু চর্চিত কাহিনী আছে৷ যা ভারতীয়রা ইতিমধ্যেই দেখে ফেলেছে। কিন্তু বহু অজানা তথ্য ও তত্ত্ব এখনো হারিয়ে গিয়েছে৷ সেগুলি এখনও খুঁজে পাওয়া যায়নি। তার মধ্যে এই ইলোরার শিব মন্দিরে হলো এক অন্যতম। সেই কাহিনি তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন পুজো উদ্যোক্তারা৷ ভিড় জমেছে তৃতীয়া থেকে। তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এবং নির্ঘণ্ট মতে চতুর্থীতে উদ্বোধন হয়েছে এই মণ্ডপের। ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার উদ্বোধন করেছেন মণ্ডপটি।
এই বিষয়ে উদ্যোক্তা পরিতোষ সাহা বলেন, আমাদের ট্যাগলাইন অজানা সত্য৷ তাই আমরা সেই সত্যকে তুলে ধরার চেষ্টা করেছি৷ তাজমহল অনেক হয়েছে। দেখানোর এবার কিছু অজানা জিনিস। আমাদের কাজ সেই অজানা জিনিস তুলে ধরা। ভারতীয় হিসেবে অজানা তথ্য তুলে ধরায় দর্শকদের নজর কাড়বে আমাদের এই থিম।
