কলকাতা, বাংলার মানুষের জন্য কিছু করতে চাই। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।
তিনি বলেন, ”কলকাতায় ভালোবাসা পেয়েছি এখানকার মানুষের জন্য কাজ করতে চাই পরিষেবা দিতে চাই। মানুষের জন্য করার এটা খুব ভালো সুযোগ। তৃণমূল দল আমকে সেই সুযোগ দিয়েছে। আগামীদিনে আমি মানুষের কণ্ঠস্বর পৌঁছে দেবো সংসদে।”
এবার লোকসভা দুই প্রাক্তন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে তৃণমূল। যাদের মধ্যে একজন কীর্তি আজাদ ও অপরজন ইউসুফ পাঠান। কীর্তি আজাদ দাঁড়িয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে। আর ইউসুফ পাঠান বহরমপুর থেকে।ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটারদের রাজনীতিতে প্রবেশের উদাহরণ নতুন নয়। কেউ বিধানসভা বা কেউ লোকসভায় প্রার্থী হয়েছেন। অনেকে রাজ্যসভায় গিয়েছেন। তবে সরাসরি রাজনীতিতে প্রবেশ না করে লোকসভার টিকিট পাওয়ার উদাহরণ নেই। ইউসুফ পাঠান তৃণমূলে যোগ দেননি এতদিন। ফলে তাঁর নাম তৃণমূলের টিকিটে দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর এবার এইরাজ্য থেকে নির্বাচনে লড়বেন তিনি।ইউসুফ পাঠানকে লড়তে হবে বহরমপুরের অধীর চৌধুরির বিরুদ্ধে। দীর্ঘ কয়েক বছর ধরে বহরমপুর অধীর চৌধুরির গড় বলে পরিচিত। তাই তাঁকে হারাতে এবার রাজনীতির ময়দানে আনকোরা মুখকে সুযোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।ভারতের হয়ে দুটো বিশ্বকাপ জেতা ইউসুফ পাঠান ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন। পেশাদার ক্রিকেট ছাড়লেও তিনি ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে পারেননি। বদলে তিনি ফ্রেন্ডলি ম্যাচ বা প্রাক্তন ক্রিকেটারদের হয়ে ম্যাচ খেলেন। আইএসপিএল-এর উদ্বোধনী ম্যাচেও তিনি অংশগ্রহণ করেন। এছাড়াও লেজেন্ডস লিগ ক্রিকেটেও তাঁকে দেখা গিয়েছে।স্পিনিং অলরাউন্ডার ইউসুফ পাঠান পরিচিত ছিলেন তাঁর বড় শট মারার জন্য। উচ্চতার জন্য তাঁর শট মারাও অনেক সহজ হত। আইপিএল কেরিয়ারে লম্বা সময় তিনি কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, সেখানে তিনি দুবার আইপিএল-ও জেতেন।
