নদিয়া, ২১ জানুয়ারি (হি.স.): নদিয়া জেলার হাঁসখালি গণধর্ষণকাণ্ডের অন্যতম সাক্ষী তথা নির্যাতিতার ছোট কাকাকে মারধরের অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয়। নির্যাতিতার ছোট কাকার বাড়িতে রাজ্য পুলিশের নিরাপত্তা বহাল রয়েছে। পুলিশি নিরাপত্তার মধ্যেই দুষ্কৃতীরা কীভাবে বাড়িতে ঢুকে পড়ল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত ৮টা নাগাদ তাদের বাড়িতে ঢোকে কয়েক জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। নির্যাতিতার ছোটকাকাকে সাক্ষ্য না দিতে বলে তারা। রাজি না হলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। দেওয়া হয় খুনের হুমকিও। পরিবারের সদস্যেরা গোলমাল শুনে ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যান। হাঁসখালি গণধর্ষণকাণ্ডের প্রধান অভিযুক্তের অনুগামীদের বিরুদ্ধেই এই মারধরের অভিযোগ আনা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
