বিলাসীপাড়া (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : জনৈক উদ্যোগপতিকে হত্যার সঙ্গে জড়িত মূল অভিযুক্তকে ধরতে ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসীপাড়া মহকুমা পুলিশকে সাত রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছে। তবে সৌভাগ্যবলে তার শরীরে একটি গুলিও লাগেনি। অবশেষে কয়েক ঘণ্টা কসরত করে নদীর জল থেকে অভিযুক্ত আলি আকবরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে পুলিশ।
ঘটনা মঙ্গলবার রাতে বিলাসীপাড়ার মাছপাড়া এলাকায় সংঘটিত হয়েছে। বিলাসীপাড়া মহকুমার অন্তর্গত চাটাপাড়ার বাসিন্দা আলি আকবর একটি খুনের আসামী। তার বিরুদ্ধে চলতি বছরের মে মাসে চরচাপরির ৮ নম্বর ওয়ার্ডের জনৈক তরুণ উদ্যোগীপতিকে হত্যার অভিযোগ রয়েছে।
অভিযুক্ত আলি আকবরকে ধরতে গতকাল রাতে বিলাসীপাড়া মহকুমার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার এবং বিলাসীপাড়া থানার ওসির নেতৃত্বে অভিযান চালানো হয়েছিল। পুলিশের দল দেখে আকবর আলি নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে রুখতে গুলি ছুঁড়ে। ইত্যবসরে কোনওভাবে পুলিশ তাকে পাকড়াও করতে সক্ষম হয়।
আকবরকে নিয়ে আসা হয় বিলাসীপাড়া থানায়। এখানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / কিশোর / সমীপ / অরবিন্দ
