দার্জিলিং, ১৫ অক্টোবর (হি.স.): বুধবার দুপুরে প্রশাসনিক বৈঠক করার আগে পাহাড়ি রাস্তায় জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু’পাশে দাঁড়ানো বাসিন্দারা তাঁকে অভ্যর্থনা জানান। এগিয়ে গিয়ে কথা বলতে দেখা যায় ‘ঘরের মেয়ে’ মমতাকে।
কয়েকদিন ধরেই বিপর্যস্ত উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেছেন দুর্ঘটনায় বিপর্যস্ত এলাকা। পৌঁছে গিয়েছেন দুর্গতদের কাছে। উদ্ধারকাজে যুক্ত প্রশাসনিক টিমকে কৃতজ্ঞতা জানিয়ে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “টুডে, আই স্যালুট অল দ্য টিম-বিডিও, ডিএম, এসপি, পুলিশ, এনডিআরএফ, প্রত্যেকেই অসাধারণ কাজ করেছে।”
বর্তমানে ৩৭টি ত্রাণ শিবিরে এখনও রয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। তাঁদের রান্না করে খাওয়ানো হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত দিন না তারা নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তত দিন চালু থাকবে এই শিবিরগুলি। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, “প্রতিটি পরিবারকে ফের স্বাভাবিক জীবনে ফেরাতে যা যা প্রয়োজন, সব করা হবে। হারিয়ে যাওয়া সমস্ত নথিও দ্রুত দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
